ভোটের দিনে বুথের ভিতরে থাকা পোলিং এজেন্টদের নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও পোলিং এজেন্ট বুথের বাইরে গিয়ে যদি আধ ঘণ্টার বেশি সময় ধরে অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর খোঁজে নামবে কেন্দ্রীয় বাহিনী। এই প্রক্রিয়ায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারদের।
আরও পড়ুন:
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও এজেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে বুথে ফিরে না এলে প্রথমে বিষয়টি নজরে আনবেন প্রিসাইডিং অফিসার। এরপর তিনি সেক্টর অফিসারকে জানাবেন।
সেক্টর অফিসার বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীকে বিষয়টি অবহিত করবেন এবং প্রয়োজন হলে পুলিশকে সঙ্গে নিয়ে ওই এজেন্টের খোঁজ শুরু করা হবে।সম্প্রতি বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের কর্তারা এই নির্দেশ স্পষ্ট করে দিয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে, ভোট শুরু হওয়ার পর কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পোলিং এজেন্ট বুথ থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। এর ফলে প্রতিপক্ষের বিরুদ্ধে ভয় দেখানো বা বুথ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।
এই পরিস্থিতি রুখতেই কমিশনের এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ভোটের সময় সব রাজনৈতিক দলের এজেন্ট যাতে বুথের ভিতরে উপস্থিত থাকতে পারেন এবং কোনও পক্ষ যাতে ভয়ভীতি দেখিয়ে কাউকে সরিয়ে দিতে না পারে, সেটাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
নির্বাচনী প্রক্রিয়ায় বুথ এজেন্টদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন প্রিসাইডিং অফিসাররা এজেন্টদের গতিবিধির রিপোর্ট রাখলেও, এবার কমিশন আরও সক্রিয় ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক নির্বাচন আধিকারিকের কথায়, মূল বিষয় হল এটা নিশ্চিত করা যে, কোনও এজেন্ট নিজের ইচ্ছায় বুথ ছেড়ে গিয়েছেন, নাকি তাঁকে ভয় দেখিয়ে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে।
তবে যদি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে কমিশন কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবুও ভোটের দিনে বুথে স্বচ্ছতা বজায় রাখতে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থার পরিবেশ গড়ে তুলতে কমিশনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।