পুবের কলম, ওয়েবডেস্ক: মালদহের নির্বাচনী সভা থেকে ভোটার তালিকা ইস্যুতে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন—“নাম বাদ যাওয়া ভোটারদের সামনে গিয়ে কথা বলুন।”
শনিবার মানিকচকের এনায়েতপুরে জনসভা থেকে মমতা প্রশ্ন তোলেন, এত মানুষের নাম বাদ গেলে ভোট দেবেন কারা? জনতার একাংশ হাত তুলে নাম বাদ যাওয়ার কথা জানাতেই বিস্ময় প্রকাশ করে তিনি কটাক্ষ করেন, “তাহলে ভোট দেবে কে?
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশেই বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নাম বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিজেপিকে ‘দাঙ্গার রাজনীতি’ করার অভিযোগেও আক্রমণ করেন তিনি।
সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, নাম বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। তিনি জানান, এই বিষয়ে আইনি সহায়তাও দেবে দল। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তাঁর আবেদন, শান্ত থেকে ট্রাইব্যুনালে আবেদন করার পথে এগোতে হবে।
মোথাবাড়ির সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, উত্তেজনায় পা না দিতে। তাঁর অভিযোগ, বাইরে থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অশান্ত করা হচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে স্থানীয় মানুষকেই।