পুবের কলম ওয়েবডেস্ক: রেড রোডের ঈদের নামাযে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন মমতা। এসআইআর ও বিভেদের রাজনীতি নিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদিকে বিঁধলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে নিয়ে লড়াই জারি থাকবে, বললেন তৃণমূল নেত্রী। অভিষেক দিলেন সম্প্রীতি ও ঐক্যের বার্তা।

এসআইআরে বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। শনিবার রেড রোড থেকে ফের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে বলেন, “আরব গিয়ে ওদের সঙ্গে গলা মেলান। দেশে ফিরে আপনার নাম কাটার কথা মনে পড়ে।

সবার নাম কেটে দিচ্ছেন।” আরবের সঙ্গে ‘দোস্তি’ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, কিন্তু দ্বিচারিতাতে তাঁর আপত্তি বলে স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী।

মমতা বলেন, “সব সম্প্রদায়, প্রত্যেক মানুষের পরিবারের সদস্য হিসাবে এসআইআর নিয়ে লড়াই করব। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট গিয়েছি। এই লড়াই জারি থাকবে।” তাঁর আরও তোপ, “যাঁরা বাংলাকে টার্গেট করছে, তাঁরা জাহান্নমে যাক।”