পুবের কলম, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে বড়সড় ধাক্কা খেল বিজেপি। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন নন্দীগ্রাম-২ ব্লকের দাপুটে নেতা পবিত্র কর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই যোগদানের খবর জানানো হয়েছে।
দলীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন পবিত্রবাবু।
পবিত্র কর নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের একজন পরিচিত মুখ। তিনি ওই পঞ্চায়েতে একাধিকবার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক মহলে তাঁর পরিচয় ছিল শুভেন্দু অধিকারীর এক সময়ের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে। ২০২০ সালের ২২ নভেম্বর মেদিনীপুরে দিলীপ ঘোষের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।
তৃণমূলের দাবি, পবিত্র করের ঘরওয়াসির ফলে নন্দীগ্রাম-২ ব্লকের সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়বে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, পবিত্র করের দলবদলে সংগঠনে কোনও প্রভাব পড়বে না।