পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করল স্লোভেনিয়া। বৃহস্পতিবার (৩০ মে) মধ্য ইউরোপের দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই ঘোষণা দিয়েছেন। এর ক'দিন আগে ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিয়েছিলেন। তারপর ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।

এবার তালিকায় যুক্ত হল স্লোভেনিয়া।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার। তবে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার (৪ জুন) পার্লামেন্টে এই প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি হবে।

 

অন্যদিকে, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ইসরাইলের বিদেশমন্ত্রী ইসরাইল কাৎজ এক্সে হ্যান্ডেলে লিখেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি স্লোভেনিয়ান পার্লামেন্ট অনুমোদন পেলেতা হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করছি স্লোভেনিয়ান পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।