পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোটের আগে প্রার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল  নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে,  ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থী তাঁর নিজস্ব বিধানসভা এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না। পাশাপাশি ভোট চলাকালীন কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলায় জড়ানো থেকেও বিরত থাকার কড়া বার্তা দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,  আগামীকালের ভোটের দিন ভোর ৬টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রের সব প্রার্থীকে নিজেদের বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। অর্থাৎ ভোট চলাকালীন সময়ে এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার কোনও সুযোগ থাকবে না।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে প্রশাসনের শীর্ষস্তরে বদল, রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা, বাইক চলাচলে বিধিনিষেধ, সব মিলিয়ে কঠোর নজরদারির পরিবেশ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রার্থীদের চলাচলেও লাগাম টানা হল।

এদিকে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্দরেই। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

তিনি জানান,  নিয়ম অনুযায়ী যেখানে ভোট রয়েছে,  শুধুমাত্র সেই এলাকাতেই ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ থাকার কথা। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে, ফলে ওই কেন্দ্রগুলিতেই এই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কলকাতা-সহ গোটা রাজ্যেই মদের দোকান বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি জানান,  বিষয়টি তাঁর জানা ছিল না এবং তিনি এ ব্যাপারে আবগারি দফতরের সঙ্গে কথা বলবেন। তাঁর কথায়, এই নির্দেশ তাঁর দফতর থেকে জারি হয়নি। যদিও নিয়ম অনুযায়ী আবগারি কমিশনার প্রয়োজন মনে করলে যে কোনও এলাকায় মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিতে পারেন।