পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় তেল পরিবহণ ঘিরে বাড়তে থাকা সঙ্কটের মাঝে বড় পদক্ষেপ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ-এ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি প্রস্তাব তুলেছে বাহরাইন। এই প্রস্তাব নিয়ে শীঘ্রই ভোটাভুটি হওয়ার কথা। প্রস্তাবে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। বরং পরিস্থিতি অনুযায়ী ‘রক্ষণাত্মক’ ব্যবস্থা গ্রহণ করে আগামী ছয় মাসের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ এবং জর্ডান।তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রস্তাবের ভাষা আগের তুলনায় অনেকটাই নরম করা হয়েছে। প্রাথমিক খসড়ায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার কথা ছিল, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও ছিল। কিন্তু চীন এবং রাশিয়া-র আপত্তির জেরে সেই ভাষা বদলে আরও সংযত করা হয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের মোট ১৫টি সদস্য দেশের মধ্যে স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং রাশিয়া—ভেটো ক্ষমতা রাখে। ফলে এই প্রস্তাব পাস করাতে কূটনৈতিক সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।