বিদায় ২০২৩। ২০২৪কে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ববাসী। বহু ঘটনার মধ্যে দিয়ে একটি বছরকে আলবিদা জানাতে চলেছি আমরা। এই একটি বছরে বহু বিশিষ্ট মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তেমনি আবার এই বছর বহু সাফল্য এনে দিয়েছে। একদিকে যেমন রাজনীতিতে দিক পরিবর্তন হয়েছে, তেমনি প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে, যুদ্ধ, বিজ্ঞানের অগ্রগতি বহু ক্ষেত্রেই সাফল্যের সাক্ষী থাকল ২০২৩।

 

ফিরে দেখা ২০২৩...... তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প

২০২৩ সালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনাটি দেখে বিশ্ববাসী। তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ এক ভূমিকম্পে ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৫১ হাজার তুরস্কে এবং বাকি ৯ হাজার মানুষ মারা যায় সিরিয়ায়।

ফিরে দেখা ২০২৩......বিশ্বের জনবহুল দেশের তকমা পেল ভারত

জনসংখ্যায় চিন ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেল ভারত। রাষ্ট্রসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে ভারতের জনসংখ্যা আরও ১.৫৬ শতাংশ বেড়েছে। বর্তমানে ভারতে ১৪২ কোটি ৮৬ লাখেরও কিছু বেশি মানুষ বসবাস করছেন।

 

ফিরে দেখা ২০২৩...... শপথ গ্রহণ করলেন তৃতীয় চালর্স

এলিজাবেথের মৃত্যুর পর ৬ মে ওয়েস্টমিনস্টারে রাজ্যাভিষেক হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে সীমিত কিন্তু জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাজকীয় অভিষেক অনুষ্ঠিত হয়।

 

ফিরে দেখা ২০২৩......তৃতীয়বার তুরস্কের প্রেসিডেন্ট হলেন এর্দোগান

টানা তৃতীয়বার তুরস্কের প্রেসিডেন্ট হলেন রিসেপ তাইয়্যেপ এর্দোগান। ২৮ মে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কেমাল কিলিচদারোলুকে পরাজিত করে ক্ষমতা নিশ্চিত করেন একেএ পার্টির এর্দোগান।

 

ফিরে দেখা ২০২৩...... ইমরান খানের গ্রেফতার এবং নওয়াজ শরীফের ফেরা

ইমরান খানের জন্য ২০২২-২০২৩ ছিল খুবই ঘটনাবহুল একটি বছর। ২০২২ সালের এপ্রিলে তাকে ক্ষমতাচ্যুত করে তোশাখানা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ইমরান খানের অপসারণের পর তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ ক্ষমতায় ফেরেন।

 

বাতিল ২০০০ টাকার নোটফিরে দেখা ২০২৩......

১৯ মে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ১ অক্টোবর, ২০২৩ থেকে এই নোট দিয়ে আর লেনদেন করা যাবে না বলে জানিয়েছে আরবিআই।

 

ফিরে দেখা ২০২৩...... টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ৫ যাত্রীর মৃত্যু

১৮ জুন সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ৫ ধনকুবের আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির ডুবোযান সাবমারসিবল টাইটানের। মৃত্যু হয় ৫ জনের। সাবমেরিনের আরোহীরা ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং (৫৮), পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ (৪৮) এবং তার ছেলে সুলেমান দাউদ (১৯), ফ্রান্সের নৌবাহিনীর সাবেক সদস্য পল অঁরি নাজোলে এবং ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ।

 

 রাস্তায় আন্দোলনে পদকজয়ী কুস্তিগীররা ফিরে দেখা ২০২৩......

বিজেপি সাংসদ এবং জাতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ আনেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকদের মতো দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা।

ব্রিজভূষণ শরণ সিংকে অপসারণের দাবিতে যন্তরমন্তরে প্রতিবাদ দেখায় কয়েকশ কুস্তিগীর। তীব্র প্রতিবাদের জেরে বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সরকার এবং পড়ে তাঁকে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

ফিরে দেখা ২০২৩......

২৮ টি বিরোধী দলের যৌথমঞ্চ ‘ইন্ডিয়া’ গঠন –

জুলাই মাসে বেঙ্গালুরুতে হওয়া এক বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ২৮টি বিরোধী রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নেয়।
কংগ্রেসের নেতৃত্বাধীন এই মঞ্চের নাম দেওয়া হয় INDIA - Indian National Developmental Inclusive Alliance। একই মঞ্চে কংগ্রেস ছাড়াও তৃণমূল, আপ, ডিএমকে, সিপিআইএম, জেডিইউ, আরজেডি, এসপি-র মতো দলগুলি রয়েছে।

 

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত –ফিরে দেখা ২০২৩...... এবছর পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। টানা ১১ ম্যাচ অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালে উঠে ভারত। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া ফাইনালে ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি। ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেন বোলার মহম্মদ শামি।

 

ফিরে দেখা ২০২৩......সংসদের নিরাপত্তা লঙ্ঘন -

১৩ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকা লোকসভা কক্ষের গ্যালারি থেকে অধিবেশন ভিজিটরস আসন থেকে লাফিয়ে পড়ে দুজন। কক্ষের মধ্যে হলুদ ধোঁয়া স্প্রে করতে থাকেন তাঁরা। সংসদের বাইরে স্লোগান দিতে শুরু করেন আরও দুজন। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। কর্নাটকের মহিশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার থেকে পাস পেয়ে সংসদে ঢুকেছিলেন ওই যুবকেরা।

 

 সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড ১৪৬ বিরোধী সাংসদ-ফিরে দেখা ২০২৩......

সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখানোর জেরে সংসদের দুই কক্ষ থেকে মোট ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। বিরোধীশূন্য অবস্থাতেই ক্রিমিনাল ল বিল, টেলিকমিউনিকেশন বিল, ইলেকশন কমিশনার নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদের দুই কক্ষে।

 

ফিরে দেখা ২০২৩......দণ্ড সংহিতার তিনটি বিল আইনে পরিণত

লোকসভা, রাজ্যসভায় পাশ হওয়ার পর দণ্ড সংহিতার তিনটি বিল ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে। গত ২৫ ডিসেম্বর, বড়দিনে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিলে সই করেছিলেন রাষ্ট্রপতি।

বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসের বিরুদ্ধে আরও কড়া বিধি থাকবে দণ্ড সংহিতায়। এছাড়াও গণপিটুনি, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কঠিন থেকে কঠিনতর শাস্তির বিধান থাকবে নয়া আইনে।

 

মণিপুরে সহিংসতাফিরে দেখা ২০২৩...... মে মাসের ৩ তারিখ থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে শুরু হয় জাতিগত সংঘর্ষ, যার জের বছর শেষেও অব্যাহত। ওই সংঘর্ষে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। সংঘর্ষের চলাকালীন গণধর্ষণ করে হত্যার ঘটনাও হয়েছে।

 

 

ফিরে দেখা ২০২৩...... ওড়িশায় ট্রেন দুর্ঘটনা ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২ জুন ওড়িশার বালেশ্বরে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ২৫০’ বেশি যাত্রীর প্রাণহানি, জখমের সংখ্যা ৯০০। কলকাতার দিক থেকে দক্ষিণ ভারত অভিমুখী একটি যাত্রীবাহী ট্রেন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ীতে ধাক্কা মারে।

যাত্রীবাহী ট্রেনটির অনেক কামরা দুমড়ে মুচড়ে মালগাড়ীর ওপরে উঠে গিয়েছিল। আবার ওই যাত্রীবাহী ট্রেনটির কিছু বগি পাশের লাইনে ছিটকেয়ে থেকে পড়লে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রেনের কিছু কামরার সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পরে রেল যেমন নিজস্ব তদন্ত শুরু করে।

 

 পঞ্চায়েত ভোটে হিংসাফিরে দেখা ২০২৩...... পঞ্চায়েত ভোট গ্রহণ ঘিরে জুন-জুলাই মাসে অন্তত ২২ জনের মৃত্যু হয়। এর মধ্যে ভোটগ্রহণের দিন, ৮ জুলাই তারিখেই মারা যান ১১ জন।

সব থেকে বেশি সহিংসতার ঘটনা সামনে আসে কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান থেকে। এছাড়াও নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনাতেও সহিংসতা হয়েছিল।

 

 

ফিরে দেখা ২০২৩...... কানাডার সঙ্গে ভারতের দূরত্ব

১৮ জুন আততায়ীদের গুলিতে কানাডার শিখ নেতা হরদীপ সিং নির্জ্জরের মৃত্যু হয়। কানাডার হাউজ অব কমন্সের সভায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন খুনের ঘটনায় ‘ভারতীয় এজেন্টদের যোগ রয়েছে’।

তাঁর অভিযোগ নস্যাৎ করে ভারত পাল্টা অভিযোগ করে, কানাডায় জঙ্গিদের প্রশয় দেওয়া হচ্ছে নিষিদ্ধ খালিস্তানি সংঠনের সদস্যদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে। ক্রমশ এই ঘটনাগুলিকে কেন্দ্র করে ভারত-কানাডার সম্পর্কের অবনতি হতে থাকে এবং কূটনৈতিক দ্বন্দ্বও তৈরি হয়। দু দেশের তরফে ভিসা বন্ধ করে দেওয়া হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

 

ফিরে দেখা ২০২৩...... উত্তরকাশীর সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে উদ্ধার উত্তারাখণ্ডের জেলার ব্রহ্মতাল-যমু্নেত্রী জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে ১২ নভেম্বর ভোরে। সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওয়ের মধ্যে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে সে সময়ে কাজে ব্যস্ত ছিলেন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের ৪১জন কর্মী।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শুরু হয় ‘অপারেশন জিন্দেগি’ । ১৭দিন টানা লড়াইয়ের পর ২৮ নভেম্বর উদ্ধার করা যায় ৪১জনকে।

ফিরে দেখা ২০২৩......জি ২০ সম্মেলন

এ বছর সেপ্টেম্বর মাসে আয়োজিত জি ২০ সম্মেলনের সভাপতিত্ব করেছে ভারত। আফ্রিকান ইউনিয়ন যারা ৫৫টি আফ্রিকান দেশের প্রতিনিধিত্ব করে তাদের জি-২০-এর স্থায়ী সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের তরফে। জি ২০ সম্মেলনে অর্থনীতি, জলবায়ু পরিবর্ত্ন, নবায়নযোগ্য জ্বালানি, আন্তর্জাতিক ঋণ মকুব এবং বহুজাতিক কোম্পানিগুলোর করদানের মতো বিষয় নিয়ে আলোচনা হয়।

 

ফিরে দেখা ২০২৩...... চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং, সূর্যযান উৎক্ষেপণ

এ বছর চন্দ্রাভিযানে সাফল্যের শিরোপা উঠে এসেছে ভারতের মাথায়। আমেরিকা, রাশিয়া এবং চিনের পর ভারত চতুর্থ দেশ যেটি চাঁদের মাটি ছুঁয়েছে। ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দেয় চন্দ্রযান ৩। ২৩ আগস্ট ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে। ২ সেপ্টেম্বর সূর্যের দিকে পাড়ি দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ১। ইসরো জানিয়েছে, আগামী ৬ জানুয়ারির মধ্যে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী ল্যাগরাঞ্জিয়ান পয়েন্টে ঢুকবে ভারতের সৌরযান আদিত্য এল-১।

 

ফিরে দেখা ২০২৩......পাঁচ রাজ্যে  বিধানসভা নির্বাচন গত বছর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের পর এ বছর ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, কর্নাটক, মিজোরাম, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হয়।

ত্রিপুরায় জেতে বিজেপি, মেঘালয়ে সরকার গঠন করে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন মেঘালয়া ডেমক্রেটিক অ্যালায়েন্স, নাগাল্যান্ডের বিজেপির সঙ্গে জোটে জেতে ‘ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি। অন্যদিকে মে মাসে কর্নাটকে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়।

নভেম্বরে তেলেঙ্গানাতেও একই ছবি দেখা যায়। যদিও ছত্তিশগড়, মধ্য প্রদেশ ও রাজস্থানে জয়ী হয় বিজেপি। ওই মাসেই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়- এই তিন রাজ্যের মধ্যে প্রথমটি ছাড়া বাকি দুটিতেই আবার কংগ্রেসকে হটিয়ে সরকার গঠন করছে বিজেপি।

ফিরে দেখা ২০২৩......ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ

৭ অক্টোবর ইসরায়েলি-ফিলিস্তিনি যুদ্ধ। ইসরাইলি হামলায় এখনও পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু। অন্যদিকে হামাসের হাতে প্রায় ২ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

 

ফিরে দেখা ২০২৩......প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফতিমা বিবি

প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফতিমা বিবি। প্রথম মহিলা বিচারপতি হিসেবে ছাড়াও তিনি ছিলেন মুসলিম সমাজের প্রথম মহিলা যিনি এই পদে বসেছিলেন। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে যোগ দেন তিনি।

ফিরে দেখা ২০২৩......২০২৩ এ পৃথিবী থেকে বিদায় নিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। চলে গেলেন বলিউড অভিনেতা সতীশ কৌশিক, গুফি পেন্টাল, ও জুনিয়র মেহমুদ। জুনিয়র মেহমুদের আসল নাম নাইম সৈয়দ।

 

ফিরে দেখা ২০২৩......কাশ্মীরে ৩৭০ বাতিল 'বৈধ', রায় সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল বৈধ। তবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ। ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছিল বর্তমান বিজেপি সরকার।

 

 হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন ফিরে দেখা ২০২৩......

১৭ সেপ্টেম্বর বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনকে বিশ্ব হেরিটেজ সাইটের তালিকায় নিয়ে আসতে ২০১০ সালে উদ্যোগী হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকার এবং পুরাতত্ত্ব সর্বেক্ষণের তৎকালীন ডিরেক্টর গৌতম সেনগুপ্ত।

পরে ২০২১ সালে শান্তিনিকেতনের জন্য সওয়াল করেছিলেন স্থপতি আভা নারায়ণ। শান্তিনিকেতন ইউনেসকোর মাপকাঠি পূরণ করেছে।

ফিরে দেখা ২০২৩......

রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় মোদি ম্যাজিক

রামমন্দির উদ্বোধনের আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

ওই বিমানবন্দরের নাম ছিল ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর’। নতুন নাম হল ‘মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর’। এই নতুন বিমানবন্দরটি রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারতের উদ্বোধন করেন তিনি।