পুবের কলম ওয়েবডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ সময় জেলবন্দি থেকেছেন হাবড়ার বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। সেই জ্যোতিপ্রিয় ওরফে ‘বালু’কে ওই কেন্দ্র থেকেই আবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। হাবড়া কেন্দ্র থেকেই এবারও লড়ছেন তিনি।
মঙ্গলবার বারাসতে নির্বাচনী জনসভায় গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কাজের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সরকারের হয়ে যতটা কাজ বালু করেছেন, তা অন্য কেউ করতে পারেননি এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে ফাঁসানো হয়েছে।আরও পড়ুন:
মঙ্গলবার বারাসতে একটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উপস্থিত ছিলেন হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী-সহ অন্যান্য নেতারা।
সভা থেকেই জ্যোতিপ্রিয়ের কাজের প্রশংসা করে মমতা বলেন, তাঁর সরকারের সময় বালু যে কাজ করেছেন, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর দাবি, জ্যোতিপ্রিয়কে পরিকল্পিতভাবে বদনাম করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রেশন ব্যবস্থায় ভুয়ো নাম চিহ্নিত করার কাজ করার কারণেই জ্যোতিপ্রিয়কে টার্গেট করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বাম আমলে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছিল, আর সেই বিষয়টি সামনে আনার কারণেই জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। তাঁর মতে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাঁকে।আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ডিজিটাল রেশন কার্ড চালুর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগেই হয়েছিল। সেই কারণেই তাঁকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সভা থেকে বামফ্রন্ট ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ করে মমতা বলেন, বিরোধীরা নানা বিষয় নিয়ে অযথা সমালোচনা করছে। তাঁর আঁকা ছবি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবসা নিয়েও মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কাজকর্ম বা জীবিকা নিয়ে প্রশ্ন তোলার কোনও অর্থ নেই। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য সমর্থন হাবড়া কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচারে নতুন মাত্রা যোগ করল।