পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই প্রশাসনে একের পর এক বড়সড় বদলি করেছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়ার পর গত কয়েক দিনে বহু পুলিশ ও প্রশাসনিক আধিকারিককেও বদলি করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সোমবার সকালে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন জানান তিনি।
একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানান। সেই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি দায়েরের অনুমতি দেয়। জানা যাচ্ছে, এই মামলার শুনানি মঙ্গলবার হতে পারে। নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন প্রশাসনে একাধিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। রবিবারও এক দফায় বহু পুলিশ আধিকারিককে বদলি করা হয়। দায়িত্ব থেকে সরানো হয়েছে ভবানীপুর ও নন্দীগ্রাম-সহ রাজ্যের মোট ১৭০টি থানার ওসিকে। সব মিলিয়ে প্রায় ১৮৪ জন পুলিশ আধিকারিকের নাম রয়েছে এই তালিকায়।আরও পড়ুন:
এর পাশাপাশি ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কমিশন।
এই তালিকায় নন্দীগ্রামের দুই ব্লকের বিডিও-ও রয়েছেন। কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ কয়েকজন শীর্ষ প্রশাসনিক আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নিয়ে হাই কোর্টে মামলা হয়েছিল। গত সপ্তাহে সেই মামলার শুনানিও হয়েছে। তখন আদালতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আধিকারিকদের অপসারণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। তার মধ্যেই এবার আবার বিডিও ও থানার ওসিদের বদলি নিয়ে নতুন করে আদালতের হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টে আবেদন জানানো হল।