পুবের কলম ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারকে বড় দায়িত্ব দিল শাসক দল। আগামী সোমবার ভোট গণনা। ওইদিন তাঁকে গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে। এই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 আজ শনিবার গণনা এজেন্টদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক।

সেখানেই গণনা পর্যবেক্ষক নিয়োগের কোথা ঘোষণা করা হয়। সেখানে আলাদাভেব রাজীবের নাম করেন অভিষেক।এছাড়াও, দীপক অধিকারী (দেব), জুন মালিয়ার মতো তারকা সাংসদদেরও দায়িত্ব দেওয়া হয়েছে গণনা পর্যবেক্ষক হিসেবে। দেবকে ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মেদিনীপুরে সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে। এর আগে লোকসভা নির্বাচনে গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস।
এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই একই পথে হাঁটল শাসক দল। 

উল্লেখ্য, রাজীব কুমার গত ৩১ জানুয়ারি ডিজির পদ থেকে অবসর নেওয়ার পরেই তৃণমূলে যোগ দেন। এর এক মাস পর তাঁকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। গত ৭ এপ্রিল তিনি রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। এবার তাঁকে বড় দায়িত্ব দেওয়া হল। 

প্রসঙ্গত, এদিনের ভার্চুয়াল বৈঠকে ছিলেন ২৯৪ টি কেন্দ্রের কাউন্টিং এজেন্ট।

প্রায় তিন ঘণ্টা ধরে তিনি তাঁদের সঙ্গে বৈঠক করেন। আগামী সোমবার সকাল ৮ টা থেকেই শুরু হবে গণনা। এদিনের বৈঠকে এজেন্টদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, কোথাও জয়ের ব্যবধান কম হলে পুনর্গণনার দাবি তুলতে হবে। মমতার আশঙ্কা সেক্ষেত্রে গ্ণনায় গড়মিল করা হতে পারে। তাই অবিলম্বে এই দাবি জানাতে হবে। এছাড়াও এজেন্টদের তিনি নির্দেশ দিয়েছেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান। এদিনের বৈঠকে এজেন্ট ছাড়াও ছিলেন সব কেন্দ্রের প্রার্থী ও গুরুত্বপূর্ণ নেতারা।