পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের আগে মানুষের মন বুঝতে ময়দানে নামলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বিশেষ করে ভোট এলেই সাধারণ মানুষের মনে ভয় হয় কি না, ভোটের পরে কি অবস্থা হয় তা জানতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আজ রবিবার তিনি অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম পরিদর্শন করেন। সেখানে তাঁকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। জানা যায়, সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেন এক মহিলা।

 

শনিবারই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যমাত্রা রেখেছে নির্বাচন কমিশন। সেই সুত্রেই এই বৈঠক করেন মনোজ। যদিও ভোট ঘোষণার পর বেশ কিছু জায়গায় অশান্তি দেখা গিয়েছে। কালিয়াচকে ট্রাইবুন্যালের কাজে যাওয়া বিচারকদের আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে।

এদিন নন্দীগ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানার চেষ্টা করেনে মনোজ আগরওয়াল। সেই সময় এক মহিলার সঙ্গে কথা বলে পরিস্থিতি জানতে চান তিনি। তখন ওই মহিলা কেঁদে ফেলেন। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক ওই মহিলাকে আশ্বাস দেন এবার ভোট শান্তিপূর্ণ হবে। এর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
বৈঠকে এক বিজেপি নেতা অভিযোগ করেন বহিরাগতরা নন্দীগ্রামে এসে দুষ্কৃতিপনা করছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ময়না সহ বিভিন্ন জায়গায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। সব অভিযোগ শোনার পর নিরাপত্তার আশ্বাস দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর পাশাপাশি তিনি একাধিক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেন।