পুবের কলম, ওয়েবডেস্ক: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে ভুল প্রমাণ করে দিলেন', পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর বিজেপি সরকারের প্রতি আপ্লুত শিল্পী কাদরি। এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করার জন্য মোদি সহ অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন কর্নাটকের বিদ্রি কারুশিল্প শিল্পী শাহ রশিদ আহমেদ কাদরি।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় শিল্পী আহমেদ কাদরি আবেগপ্রবণ হয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিল্পী কাদরি বলেন, 'আমি ইউপিএ সরকারের আমলেও পাঁচ বছর ধরে অপেক্ষা করেছি, কিন্তু আমাকে এই পুরস্কার দেওয়া হয়নি। বিজেপি সরকারের থেকে এই পুরস্কারের আশা আমার ছিল না।
কিন্তু আমার চিন্তাভাবনা আমাকে ভুল প্রমাণিত করে দিল। বিজেপি সরকারেরই আমলেই আমি পদ্মশ্রীতে পুরস্কৃত হলাম, আমি এই সরকারের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি'। বর্ষীয়ান শিল্পীর এই আবেগে তাঁর প্রশংসায় হেসে প্রতিউত্তর দেন মোদি।আরও পড়ুন:
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট শিল্পী শাহ রশিদ আহমেদ কাদরি বলেন, 'আমি বিগত ১০ বছর ধরে এই পুরস্কারের আশায় ছিলাম। বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়কে সমর্থন করে না, তারা কোনও মুসলিমকে অভিনন্দন জানায় না ভেবে, আমি পুরস্কারের জন্য আবেদন ছেড়ে দিয়েছিলাম'।
শিল্পীর আরও সংযোজন, 'কিন্তু মোদিজী আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন'। পদ্মশ্রীতে পুরস্কৃত হওয়ার পর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যাদের ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট বিদ্রি শিল্পী কাদরি।আরও পড়ুন:
বিদারের বিদ্রি শিল্প হল ধাতব হস্তশিল্পের একটি শিল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত দ্বিতীয় সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠান-২০২৩-এ তিনটি পদ্মবিভূষণ, পাঁচটি পদ্মভূষণ এবং ৪৭ টি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।