পুবের কলম ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে উদ্দেশ্য করে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার একটি ভিডিয়ো সামনে এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

তবে সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করে অত্যন্ত অশালীন ভাষায় মন্তব্য করছেন—যার বেশিরভাগই প্রকাশযোগ্য নয়। এই ভিডিয়োটি শেয়ার করে অভিষেক লেখেন, বিজেপি যদি বাংলার জন্য পরিবর্তনের নামে অশালীনতা ও কুৎসা ছড়ায়, তাহলে রাজ্যের মানুষ তা মেনে নেবে না। তাঁর দাবি, একজন মহিলাকে, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করা মানে গোটা রাজ্যের নারী সমাজ এবং বাঙালি আত্মসম্মানকেই আঘাত করা। অভিষেক আরও জানান, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
তাঁর অভিযোগ, এমন মন্তব্যের পরেও যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তবে তা বিজেপির প্রকৃত রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রক এবং উত্তরপ্রদেশ প্রশাসনকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ জানান, অভিযুক্ত ব্যক্তি আদৌও দলের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা দরকার। তাঁর কথায়, ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার বিজেপির নীতি-বিরোধী। কেউ যদি এমন কাজ করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।