কোচবিহারের শীতলখুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শীতলখুচি থানার সামনে এই ঘটনা ঘটে। সম্প্রতি নিহত সিপিএম কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁর গাড়িকে লক্ষ্য করে এই হামলার অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন:
অভিযোগ অনুযায়ী, শীতলখুচি বাজার এলাকায় একদল ব্যক্তি মীনাক্ষীর গাড়ির পথ আটকে দাঁড়ান। এরপর গাড়ির সামনের কাচ লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়।
সেই সময় তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এবং নেতা অলোকেশ দাস।আরও পড়ুন:
ঘটনার সময় গাড়ির চালক গাড়ি সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মীনাক্ষী মুখোপাধ্যায় গাড়ি না সরানোর নির্দেশ দেন। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন:
মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আমার অপরাধ কী? রাস্তায় বেরোনো যাবে না?” তবে তাঁর অভিযোগ, এসব প্রশ্নের কোনো জবাব না দিয়ে হামলাকারীরা ডিম নিক্ষেপ চালিয়ে যায়।
আরও পড়ুন:
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতা-নেত্রীদের লক্ষ্য করে ডিম ও অন্যান্য বস্তু নিক্ষেপের একাধিক ঘটনা সামনে এসেছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আদালতও।
আরও পড়ুন:
সম্প্রতি একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ বা হেনস্থার ঘটনায় অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কতগুলি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।