পুবের কলম ওয়েবডেস্ক : বিহারের ভাগলপুরে বোমা তৈরির সময়ে বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়েছে। লীলাবতী দেবী নামে একজনের বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। লীলাবতীর পরিবার পটকা তৈরির অবৈধ ব্যবসা করতেন। লীলাবতীসহ তার পরিবারের পাঁচ সদস্য বিস্ফোরণে মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাজয়ালী চক এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেঁপে ওঠে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা।আরও পড়ুন:
ভয়াবহ ওই বিস্ফোরণে চারটি বাড়ি ধসে পড়েছে। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ১০ জন। তাদের চিকিৎসা চলছে। পুলিশের ডিজি এসকে সিঙ্ঘল এক সংবাদ সম্মেলনে বলেন, লাইসেন্স ছাড়াই পটকা তৈরি করা হচ্ছিল। ওই ঘটনায় স্থানীয় এসএইচও সুধাংশু কুমারকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ ম্যানুয়াল অনুযায়ী ঘটনার তদন্ত করা হবে। কেন স্থানীয় পুলিশ আগে থেকে তদন্ত করেনি, সেই বিষয়ে তদন্ত করার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল, তাও খতিয়ে দেখা হবে।