পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম দফার নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, আগামী সপ্তাহেই বাংলায় আসতে পারেন। আধিকারিকরা ময়দানে নেমে প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন বলে খবর। 

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট ১৫২টি আসনে।

তার আগে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চান নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা বঙ্গে এসে প্রথমেই যেতে পারেন দুর্গাপুরে। সেখানে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। আর একটি টিম যেতে পারে উত্তরবঙ্গে। আধিকারিকরা একেবারে ময়দানে নেমে পরিস্থিতি খতিয়ে দেখবেন।
সেখানে সাধারণ মানুষের সঙ্গেও তাঁরা কথা বলতে পারেন। 

প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, আগামী সোমবার তাঁরা রাজ্যে আসতে পারেন। দুর্গাপুর আধিকারিকরা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন আধিকারিকেরা। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি আর একটি টিম যেতে পারে আলিপুরদুয়ার থেকে কোচবিহার হয়ে জলপাইগুড়িতে। দার্জিলিং এবং কালিম্পংয়েও যেতে পারেন আধিকারিকরা।

ময়দানে নেমে ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ প্রশাস্নের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করতে পারেন তাঁরা। প্রসঙ্গত, রাজ্যে এসআইআরে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম। এদিকে, ট্রাইব্যুনালে আবেদন করতে গিয়ে সমস্যায় পরতে হচ্ছে মানুষকে। তারওপর জোকার ট্রাইব্যুনালের কাজ এখনও শুরু হয়নি। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।