পুবের কলম ওয়েবডেস্কঃ নির্বাচনী প্রচারের সভা থেকে ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দেন। তাঁর কথায়, "যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন।" এরপরেই হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, "দলের মধ্যে থেকে অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পর লাল কার্ড দেখতে পাবেন।" রবিবার নওদার তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের হয়ে প্রচারে যান অভিষেক।

সেখান থেকেই তাঁর মুখে শোনা যায় হুঁশিয়ারির সুর। 

নওদার সভা থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং হুমায়ুনকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, অধীর চৌধুরী এবং হুমায়ুন কবীর কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেন। কেন্দ্রীয় সরকার এসআইআর করে বহু সংখ্যালঘুর নাম বাদ দিয়েছে। দুই নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, "চ্যালেঞ্জ করছি, সংখ্যালঘুদের স্বার্থ দেখলে কেন্দ্রের নিরাপত্তা ছেড়ে দিন।

রাজ্য সরকার আপনদের নিরাপত্তার ব্যবস্থা করবে।" 

উল্লেখ্য, তৃণমূল থেকে বেরিয়ে নিজের নতুন দল গড়েন হুমায়ুন। তিনি এবার লড়বেন নওদা এবং রেজিনগর থেকে। যা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে এদিনের সভা থেকে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন অভিষেক।

এমকি দলে বিশৃঙ্খলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অভিষেক। প্রসঙ্গত,  ২০২১ সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ২২টি আসনের মধ্যে ২০টি আসন জিতেছিল তৃণমূল। তবে বর্তমানে মুর্শিদাবাদের সমীকরণ বদলেছে। এই জেলায় হুমায়ুনের দল জোট করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল "মিম" এর সঙ্গে। তাছাড়া, রাজনৈতিক মহলের বক্তব্য, মুর্শিদাবাদের একাধিক বিধানসভা কেন্দ্রে বাম ও কংগ্রেসের শক্তিও বেড়েছে।