পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে দিল্লি থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার গভীর রাতে এই গ্রেফতারির পর তাঁকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে আদালত দশ দিনের জন্য তদন্তকারী সংস্থার হেফাজতে রাখার অনুমতি দেয়। এনিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এনিয়ে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন।

 

আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠে তৃণমূলের প্রার্থী মানস ভুঁইয়া এবং অজিত মাইতির হয়ে প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হন। মমতা বকনে, "এবার তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যাতে কেউ ভোট কেন্দ্রে না বসতে পারেন।" এনিয়ে দলীয় কর্মীদের সতর্ক করেন দলনেত্রী।

  দলীয় কর্মীর ব্যবস্থা যাতে বিকল্প রাখা হয় তানিয়েও নির্দেশ দেন মমতা। একজন গ্রেফতার হলে আর একজনকে প্রস্তুত থাকতে হবে বলে বার্তা দেন মমতা। এরপরেই বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, "ভাবছ, নোংরা খেলা খেলবে? কিন্তু তা হবে না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব।" 

উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে একটি মামলা দায়ের হয়।

সোমবার রাতে সেই মামলায় আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি।  তদন্তকারী আধিকারিকদের দাবি, অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় চান্ডেলকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। আইপ্যাক পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হওয়ায় ভোটের ঠিক আগে এই গ্রেপ্তারিকে সন্দেহের চোখে দেখছে তৃণমূল নেতৃত্ব।

এর আগে সোমবার রাতেই সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই গ্রেফতারি আসলে একটি স্পষ্ট বার্তা, যদি কেউ বিরোধী রাজনৈতিক শক্তির পাশে দাঁড়ায়, তবে তাকেই পরবর্তী লক্ষ্যবস্তু করা হবে।