পুবের কলম, ওয়েবডেস্ক: ভুটানে ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে বিপুল ভাবে জয়ী হল পিডিপি দল। দেশটির জাতীয় আইনসভার ভোটে ‘ভারতের বন্ধু’ বলে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল জিততেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভুটানে মোট ৪৭টি আসনে চূড়ান্ত দফার সংসদীয় নির্বাচন হয়। সেই ভোটে ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে শেরিংয়ের দল পিডিপি। অন্যদিকে, নতুন দল ‘ভুটান টেন্ড্রেল পার্টি’ (বিটিপি) বাকি ১৭টি আসন দখল করেছে।
ন্যাশনাল অ্যাসেম্বলি’তে বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে 'বিটিপি' দল। প্রসঙ্গত, ভুটানের সাধারণ নির্বাচন দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দু’টি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়। নভেম্বরে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের নির্বাচনে পিডিপি ৪২ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। বিটিপির ঝুলিতে গিয়েছিল প্রায় ২০ শতাংশ।আরও পড়ুন:
২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী পদে ছিলেন পিডিপি নেতা শেরিং। তাঁর সময় ভারতের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক কূটনীতি এবং বাণিজ্যিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। পুণরায় শেরিং প্রধানমন্ত্রী পদে বসতে চলেছে। ফলে নতুন করে ভারতের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক কূটনীতি এবং বাণিজ্যিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে নয়াদিল্লি। পিডিপি ভোটে জিততেই শেরিংকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "ভুটানে পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হওয়াই আমার বন্ধু শেরিং এবং তাঁর পিপলস ডেমোক্রেটিক পার্টিকে আন্তরিক অভিনন্দন। আমাদের বন্ধুত্ব ও সহযোগিতার অনন্য বন্ধনকে আরও জোরদার করতে আবারও একসঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি।"