পুবের কলম, ওয়েবডেস্ক: নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বুথ লেভেল অফিসার (BLO) রিঙ্কু তরফদারের আত্মহত্যাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্যজুড়ে। শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাশেই পাওয়া যায় একটি সুইসাইড নোট, যেখানে লেখা— “আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী।” রিঙ্কু ছিলেন পার্শ্বশিক্ষিকা এবং চাপড়া-২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের BLO।
ঘটনার পরই এক্স হ্যান্ডলে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আরও এক BLO-এর মৃত্যুতে বাকরুদ্ধ… SIR-এর জন্য আর কত মৃত্যু দেখতে হবে?” মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ক্রমাগত চাপের মধ্যে BLO-দের মৃত্যু কি চলতেই থাকবে?
সূত্রের খবর, ঘটনার তদন্তে নদিয়ার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন CEO। একইভাবে জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমানেও কাজের চাপের কারণে BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়—কেরালা, গুজরাট, তামিলনাড়ুতেও SIR-এর চাপ সহ্য করতে না পেরে BLO-দের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।



































