বার্সেলোনা, ২৬ নভেম্বর: ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর নির্বিচারে বিমান হামলা ও ভয়াবহ আগ্রাসন চালানোর জন্য যায়নবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের বার্সেলোনা সিটি। শুক্রবার বার্সেলোনা সিটি কাউন্সিল একটি প্রাসঙ্গিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছে। ঘোষণাটি বার্সেলোনার এন কমুন পার্টির প্রাক্তন মেয়র অ্যাডা কোলাউ তুলে ধরেন এবং তাঁর স্থলাভিষিক্ত জাউমে কোলবোনির সোশ্যালিস্ট পার্টি সেটিকে সমর্থন করে।
আরও পড়ুন:
সেইসঙ্গে বামপন্থী বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকান লেফট অফ কাতালোনিয়া পার্টিও ঘোষণাটিকে সমর্থন করেছে। ঘোষণাপত্র অনুযায়ী, ইসরাইলের দখলদার সরকার ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে সম্মান করতে বাধ্য। ঘোষণায় বলা হয়েছে, অসামরিক জনগণের ওপর সমস্ত আক্রমণের পাশাপাশি সম্মিলিত শাস্তি প্রদান, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়িঘর এবং নাগরিক অবকাঠামোর ধ্বংসসাধন করতে পারবে না ইসরাইল। ঘোষণাপত্রে গাজাবাসীর জ্বালানি, পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বিচ্ছিন্ন করার ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানানো হয়।