পুবের কলম ওয়েবডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে চলছে জোর প্রস্তুতি। বিশেষ করে ভোটকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের সুরক্ষার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য প্রশাসন। যে কোনও রকম আপৎকালীন পরিস্থিতির দ্রুত মোকাবিলা করার জন্য এবার প্রস্তুত রাখা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যান্স এবং বিশেষ হেলিকপ্টার। এর মাধ্যামে রাজ্যের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলিতে দ্রুত পৌঁছানো সম্ভব হবে এবং জরুরি চিকিৎসা দ্রুত করা সম্ভব হবে।
আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনকে ঘিরে এমনিতেই কড়া নিরাপত্তা থাকে। তারপরেও অপ্রীতিকর ঘটনা ঘটে। তাই এই ব্যবস্থা করা হয়েছে। এরফলে সড়কপথের পাশাপাশি আকাশপথেও দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হবে।
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখেই রাজ্যের তরফে এই এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত জঙ্গলমহল, সুন্দরবনের নদীবেষ্টিত এলাকা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির মতো দুর্গম জায়গাগুলিতে ভোট করানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই এলাকাগুলিতে যাতায়াতের সমস্যা অনেক বেশি। এই অবস্থায় জরুরি পরিস্থিতিতে সড়কপথে পৌঁছানো বেশ সময়সাপেক্ষ। ফলে সেখানে প্রয়োজনে এই হেলিকপ্টারগুলি ব্যবহার করে ভোটকর্মী ও আধিকারিকদের গন্তব্যে পৌঁছে দেওয়া বা সেখান থেকে দ্রুত ফিরিয়ে আনার কাজও করা হতে পারে। এছাড়া, আকাশপথে নজরদারির জন্য হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে।আরও পড়ুন:
এর পাশাপাশি, আপৎকালীন চিকিৎসা পরিষেবা নিয়ে তৎপরতা আগেই শুরু হয়েছে। কলকাতার বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। পাশাপাশি, জেলা হাসপাতালগুলিতেও ট্রমা কেয়ার ইউনিটগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবং ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।