পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে ভোটের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনীতি। এই পরিস্থিতিতেই প্রচারে এসে "বুলডোজার"-এর প্রসঙ্গ তুলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যের পর এবার একই সুর শোনা গেল তাঁর বক্তব্যে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের গোলবাজার এলাকায় ১৭ এপ্রিল রাতে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হন দিলীপ। ওই সভায় তৃণমূল ছেড়ে আসা বেশ কয়েকজন কর্মী বিজেপিতে যোগ দেন।
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পরই কড়া ভাষায় আক্রমণ শুরু করেন তিনি।আরও পড়ুন:
দিলীপ ঘোষ দাবি করেন, তাঁর নির্বাচনী শিবিরের এক চিফ এজেন্টকে বিরোধী পক্ষের নেতারা হুমকি দিয়েছেন। সেই প্রসঙ্গ টেনেই তিনি পাল্টা সতর্কবার্তা দেন। তাঁর কথায়, ৪ তারিখের পর পরিস্থিতি বদলে যাবে, তাই এখন থেকেই ভবিষ্যৎ ভেবে রাখা উচিত। প্রয়োজনে অন্য রাজ্যে থাকার ব্যবস্থাও করে দেওয়ার কথা বলেন তিনি।
মঞ্চ থেকে তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে অপরাধী ও মাফিয়াদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বাংলায় তার থেকেও কঠোর ব্যবস্থা হতে পারে। তৃণমূলের নেতা ও কিছু পুলিশকর্মীকেও নিশানা করে তিনি মন্তব্য করেন, অবৈধভাবে যা উপার্জন করা হয়েছে, এখনই তা ভোগ করে নেওয়াই ভালো, কারণ সামনে কঠিন সময় আসছে। "বুলডোজার" চালানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তখন আর কেউ রক্ষা করতে পারবে না, এমনকি জেলও এড়ানো যাবে না।আরও পড়ুন:
খড়গপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রসঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও ব্যবসায়ীদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না ভবিষ্যতে। বর্তমানে কিছু পুলিশকর্মীর আচরণ নিয়েও প্রশ্ন তুলে তিনি জানান, তাঁদের জন্যও কঠিন সময় অপেক্ষা করছে। সমগ্র বক্তব্যে তিনি বারবার ইঙ্গিত দেন, ভোটের ফল ঘোষণার পর রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে।