পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের নির্বাচন কমিশনের দরজায় গিয়ে এবার নজিরবিহীন অপমানের মুখে পড়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে দিল্লির নির্বাচন সদনে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে খোদ মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘দুর্ব্যবহার’ এবং ‘গেট লস্ট’ বলার অভিযোগ করেছেন ডেরেক ও’ব্রায়েন। যদিও কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, সোমবার রাতে প্রথম দফার ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা হয়েছে।
তৃণমূলের দাবি অনুযায়ী, বৈঠকটি স্থায়ী হয় মাত্র সাত মিনিট। সেখান থেকে বেরিয়ে এসে বিস্ফোরক মেজাজে ডেরেক ও’ব্রায়েন বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের অফিস থেকে বের করে দিয়েছেন। কোনো প্রশ্নের উত্তর দেননি, বরং আমাদের ‘গেট লস্ট’ বলেছেন।” তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন করতে গিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হতে হবে, তা অভাবনীয়।
পাল্টা সুর চড়িয়েছে নির্বাচন কমিশনও। কমিশন সূত্রে দাবি করা হয়েছে, বৈঠকের সময় তৃণমূল প্রতিনিধিরাই উত্তেজিত হয়ে চিৎকার করছিলেন। তাঁদের বারবার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়। ‘গেট লস্ট’ বলার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কমিশন।