পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাট উপকূলের কাছে আরব সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলের নীচে ডুবে যাওয়া প্রাচীন শহর দ্বারকায় গিয়ে কৃষ্ণের পুজো করলেন তিনি। উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের বিশেষ পোশাক পরে, জলের নীচে থাকা দ্বারকা শহরের উদ্দেশে ডুব দেন প্রধানমন্ত্রী। প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন নরেন্দ্র মোদি।

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "জলের নীচে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। যেন এক আধ্যাত্মিক মহিমায় ভরপুর এবং ভক্তিময় এক প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন, এটাই কামনা করি।" মোদি বলেছেন, সমুদ্রের গভীরে তিনি দেবত্বকে অনুভব করেছেন।
দ্বারকাধীশকে প্রণাম করেছেন। কৃষ্ণের পায়ের একটি ময়ূরের পালক রেখে এসেছেন।

 

রবিবার গুজরাটে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। দ্বারকায় ভারতের দীর্ঘতম তারের সেতু, সুদর্শন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও কচ্ছের বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, মুন্দ্রা-পানিপত অপরিশোধিত তেল পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।