পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আগে ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা তথা গেরুয়া শিবিরের প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারে নেমে তিনি পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করলেন। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুলিশকে হুঁশিয়ারি তো বটেই এমনকি গালিগালাজও করেছেন বলে অভিযোগ। সোমবার খড়গপুর টাউন এলাকায় দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।
আরও পড়ুন:
কী বলেছেন দিলীপ ঘোষ?
আরও পড়ুন:
সোমবার খড়গপুর টাউন এলাকায় প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, এলাকার আইসি বিজেপি কর্মীদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের সঙ্গে কাজ করার জন্য চাপ দিচ্ছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দেন এবং কড়া ভাষায় পাল্টা জবাব দেন। শুধু পুলিশ নয়, শাসক দল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি।
দিলীপ ঘোষের দাবি, তৃণমূল স্থানীয় গুন্ডা ও দুষ্কৃতীদের ভরসায় রাজনীতি করছে। তিনি বলেন, অতীতেও এই ধরনের শক্তির মোকাবিলা করেছেন এবং আগামীতেও করবেন, কোনও চাপের কাছে নতিস্বীকার করবেন না। তিনি বলেন, এখানকার আইসি বিজেপির কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। তৃণমূলের সঙ্গে কাজ না করলে ভোটের ফলের পরে গুলি মারার হুমকি দিয়েছে। এরপরেই পুলিশের আইসিকে উদ্দেশ্য করে বলেন, "শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে!" তাঁর হুঁশিয়ারি আগামী দিনে খড়গপুরে এসব চলবে না।আরও পড়ুন:
প্রচারের মঞ্চ থেকে নিজের পুরনো রাজনৈতিক লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। যদিও ২০২১ সালে তাঁকে প্রার্থী করা হয়নি, সেই সময় এই আসনে জয় পান অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়। তবে নানা বিতর্কের জেরে এবার আবার পুরনো আসনে ফিরিয়ে আনা হয়েছে দিলীপ ঘোষকে। আর সেই কেন্দ্রে ফিরেই আক্রমণাত্মক প্রচারে স্পষ্ট বার্তা দিলেন তিনি—খড়গপুরে রাজনৈতিক লড়াই এবার আরও তীব্র হতে চলেছে।