পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতেই রাজ্যজুড়ে চলছে কড়া নজরদারি। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। রবিবার ভোরে কোচবিহার জেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ভোর প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ চ্যাংরাবান্দা বাইপাস এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় একটি সন্দেহজনক গাড়ি আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ।

গাড়িটি তল্লাশি করে পাওয়া যায় ৬টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ২০ রাউন্ড তাজা গুলি। ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতদের নাম মনিরুল ইসলাম ও সামিম রহমান। অস্ত্রগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি তদন্তের জন্য তুলে দেওয়া হয়েছে কোচবিহার জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে।

এর আগেও নাকা চেকিংয়ে বড় অঙ্কের নগদ উদ্ধার হয়েছে। কয়েকদিন আগে মানকর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। দুর্গাপুরের এই অভিযানে দু’জন ব্যক্তির কাছ থেকে মোট ১০ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার হয়। একজনের কাছে পাওয়া যায় ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং অন্যজনের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮ লক্ষ টাকা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকার হিসাব করা হয়।

এত বিপুল নগদ কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।

অন্যদিকে, কোচবিহারের সিতাই শিতলকুচি সীমান্ত এলাকাতেও নাকা চেকিংয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ। শিতলকুচি থানার পুলিশ একটি গাড়ি তল্লাশি করে প্রায় ১৭ লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নগদের উৎস বা বৈধ নথি দেখাতে না পারায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের আগে একের পর এক জায়গায় এত নগদ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অর্থ কোথা থেকে আসছে এবং কোন উদ্দেশ্যে তা বহন করা হচ্ছিল।