পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ প্রক্রিয়া নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি দাবি করেন, SIR আসলে কোনো সাধারণ প্রক্রিয়া নয়, এটি বিজেপিকে ক্ষমতায় আনার একটি ‘বড় স্ক্যাম’ বা চক্রান্ত।
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রতিবেশী রাজ্য বিহারে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের রেশন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এই প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “আমি এ সব বাংলায় করতে দেব না। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত রুখে দেব।
নির্বাচন চলাকালীন ডিলিমিটেশন বিল আনার তোড়জোড় নিয়েও কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, এই বিলের আড়ালে বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তিনি জনগণকে সতর্ক করে বলেন, “নির্বাচন চলাকালীন ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। অপেক্ষা করতে পারল না, কারণ এঁরা বাংলাকে টুকরো টুকরো করবে। এর পরে NRC করবে। কিন্তু আপনারা একটি কথাও শুনবেন না। সম্মান নিয়ে বাঁচতে হলে তৃণমূল কংগ্রেসের সরকার দরকার।”
নিজের রাজনৈতিক লড়াইকে ‘ভ্যানিশ মেশিনের’ বিরুদ্ধে লড়াই বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধী দলনেতা ও তাঁর ঘনিষ্ঠদের ‘গদ্দার’ সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর নিজের কেন্দ্রেও চক্রান্ত করা হয়েছিল। তাঁর অভিযোগ, “আমার কেন্দ্রে আমার নাম কেটে দেওয়ার চক্রান্ত হয়েছিল। এমনকি দুটো এফিডেভিট করে আমার মনোনয়ন বাতিল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি।”