নিজস্ব প্রতিনিধি: সামনেই মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর ওই উৎসবকে ঘিরে হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র চালানো হতে পারে বলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দাঙ্গার ষড়যন্ত্রকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘বাংলায় কোনও রকম সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে দেব না। যাঁরা সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর চেষ্টা চালাবে তাঁদের কাউকে রেয়াত করা হবে না।
’ সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর মূলচক্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।আরও পড়ুন:
বুধবার নবান্ন সভাঘরে মন্ত্রী, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিভাগীয় সচিবদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলা থেকে জেলাশাসক-পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন। হাওড়ার জেলাশাসক-পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের সময়েই উলুবেড়িয়া সহ জেলার সংবেদনশীল এলাকায় ঈদ উৎসব উপলক্ষে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন মমতা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপির মতো সিপিএমও এখন ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। দুই দল দুই ধর্মের মানুষকে উসকে দিয়ে ঝামেলা পাকাতে চাইছে। কিন্তু কিছুতেই ওদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। কিছুতেই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে দেওয়া হবে না। কঠোর হাতে মোকাবিলা করতে হবে।’