পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে বিগত কয়েক মাসের সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২২  হাজার ব্যাক্তিকে ক্ষমা করেছে দেশটির বিচার বিভাগ। সোমবার ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই বিষয়টি নিশ্চিত করেন। সবমিলিয়ে ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার জন সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এর আগের মাসেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রায় ১ লক্ষ বিক্ষোভকারী এবং কারাবন্দিকে ক্ষমা করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দ তরুণী মাহসা আমিনি মারা যান। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। হিজাব-বিরোধী এই বিক্ষোভ পরবর্তীতে সরকার-বিরোধী আন্দোলনে পরিণত হয়। সরকার হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে। ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগ তোলে পশ্চিমা মিডিয়া। তবে ইরান জানায়, পশ্চিমা সরকারগুলোই ইরানের এই আন্দোলনকে উসকে দিয়েছে।