পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন ঘিরে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রচারের লক্ষ্যে আগামী ২৪ মার্চ মঙ্গলবার উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, সেই কর্মসূচী পিছিয়ে গেল। আবহাওয়ার কারণে আগামী বুধবার আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু করবেন মমতা। রবিবার আলিপুরদুয়ার পুলিশ সূত্রে একথা জানা গিয়েছে।
আরও পড়ুন:
জেলার পুলিশ সুপার সাউ জানিয়েছেন, আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর কর্মসূচী পিছিয়ে যাচ্ছে। এবিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার ছাড়াও মাটিগাড়া ও ময়নাগুড়িতে মমতার জনসভার কথা ছিল। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে আনুষ্ঠানিক ভোটপ্রচার শুরুর কথা ছিল। যদিও ওই দিনের কর্মসূচী বাতিল হওয়ায় নতুন দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি।
তবে সূত্রের খবর, পরের দিন অর্থাৎ বুধবার এই কর্মসূচী হতে পারে। কর্মসূচী স্থগিত হওয়ার কারণ হিসেবে গঙ্গাপ্রসাদ জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকার কারণে ওইদিনের কর্মসূচী বাতিল করা হয়েছে।আরও পড়ুন:
এদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি থামার নাম নেই। আগামী বুধবার পর্যন্ত সেখানে ঝড়বৃষ্টি হওয়ার কথা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সর্বচ্চো ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই কারণেই এই তিন বিধানসভা কেন্দ্রে ভোট প্রচার পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।