পুবের কলম ওয়েবডেস্ক: ব্যস্ত সময়সূচির মধ্যেও এক মানবিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বিধানসভা। বর্ধমান জেলার রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধারার সদ্যোজাত কন্যাসন্তানকে নিজে নাম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েটির নাম রাখলেন ‘ঐশী’, যার অর্থ ; ‘যে ঈশ্বরিক শক্তিতে পরিপূর্ণ।’
সোমবার রাজ্য বিধানসভায় এই নামকরণের মুহূর্ত শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং তা ছিল এক গভীর আত্মিক সংযোগের প্রতিফলন। মুখ্যমন্ত্রী নিজে কন্যাটিকে কোলে তুলে আদর করেন, আশীর্বাদ ও উপহার দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। মুখ্যমন্ত্রীর স্নেহে আপ্লুত হয়ে ওঠেন মা শম্পা ধারা, যার চোখে আনন্দাশ্রু ছলছল করছিল।আরও পড়ুন:
শম্পা জানান, বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল, মুখ্যমন্ত্রীর হাতেই মেয়ের নামকরণ হোক। সেই আশাতেই প্রায় তিন ঘণ্টা ধরে তিনি বিধানসভার লবিতে অপেক্ষা করেন।
অবশেষে যখন মুখ্যমন্ত্রী স্নেহভরে তাঁর কন্যাকে ‘ঐশী’ নামে ডাকেন, সেই মুহূর্তটি তাঁর জীবনের অম্লান স্মৃতি হয়ে রইল।আরও পড়ুন:
উপস্থিত সবাই এই ঘটনা দেখে মুগ্ধ হন। রাজনৈতিক পরিসরের বাইরে মুখ্যমন্ত্রীর এই সরল, সংবেদনশীল রূপ মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। এদিনের এই নামকরণ অনুষ্ঠান যেন আরও একবার বুঝিয়ে দিল ; অনুভূতি, ভালোবাসা আর মূল্যবোধ সব সময়েই ক্ষমতার ঊর্ধ্বে।