পুবের কলম, কলকাতা: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্যের রাজনীতি। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার ঘটনাকে হাতিয়ার করে এবার সরাসরি বিজেপি ও কেন্দ্রীয় সংস্থাকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি সাফ হুঁশিয়ারি দিয়েছেন, "মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না।"
 
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে এক অদ্ভুত চৈত্র সেলের খেলা চলছে। তিনি বলেন, "একজনের নাম আছে, একজনের নেই।

সব বোঝাপড়ার খেলা। বিজেপি-সিপিএম সব বোঝাপড়া করে রেখেছে।" ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তিনি আরও জানান, এখান থেকে বিপুল সংখ্যক হিন্দু ও মুসলিম ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে।
 
বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপিকে বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। বিজেপির মাথায় শুধু বিষ।
ওই বিষবৃক্ষ থেকে আম জন্মায় না, শুধু কাঁটা হয়।" তাঁর দাবি, বিজেপি উন্নয়নের টাকা উন্নয়নের কাজে না লাগিয়ে ভোটের সময় ভোট কিনতে ব্যবহার করে। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, "ভোটের আগে ওরা হিন্দু-মুসলমান করে, আর ভোটের পরে চালায় বুলডোজার।"
 
তৃণমূল নেত্রী নিজেকে এই লড়াইয়ের একজন "যোদ্ধা" হিসেবে তুলে ধরে ঘোষণা করেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তোলার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। ভোটারদের উদ্দেশে তাঁর আবেদন, "নিজে বাঁচার জন্য ভোটটা তৃণমূলকে দিন। একটি ভোটও অন্য পার্টিকে নয়। বড়রা অন্যায় করলে এবার গালে গণতন্ত্রের থাপ্পড় দিতে হবে।"