পুবের কলম ওয়েবডেস্ক: গত শনিবার কাশ্মীরের পুঞ্জের পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি অসহায় পরিবারগুলিকে আশ্বাস দিয়েছিলেন, তাদের সমস্যা জাতীয় স্তরে তুলে ধরবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্যাকেজ দেওয়ার জন্য আবেদন করেছেন।

চিঠিতে রাহুল লিখেছেন, 'প্রিয় প্রধানমন্ত্রীজি, আমি সম্প্রতি পুঞ্চ সফরে গিয়েছিলাম, যেখানে পাকিস্তানি গোলাবর্ষণে ৪ শিশুসহ ১৪ জন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

এই আকস্মিক ও অন্ধকারময় হামলা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হামলায় শত শত ঘরবাড়ি, দোকানপাট, স্কুল এবং ধর্মীয় স্থান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। অনেক ভুক্তভোগী জানিয়েছেন, তাঁদের বছরের পর বছরের শ্রম এক ঝটকাতেই নষ্ট হয়ে গেছে।"

রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আরো লিখেছেন,'পুঞ্চ এবং সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলের মানুষ বহু দশক ধরে শান্তি ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছেন।

আজ যখন তারা এক গভীর সংকটে রয়েছেন, তখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদের দুঃখ-কষ্ট বোঝা এবং তাদের জীবন পুনর্গঠনে সর্বতোভাবে সাহায্য করা।'