পুবের কলম ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙড়ে গিয়ে কড়া বার্তা দিলেন কলকাতার নয়া পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর স্পষ্ট বার্তা, বুথ জ্যাম, রিগিং কিংবা ক্যাপচারিং নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আজ রবিবার সকালে ভাঙড় থানা পরিদর্শনে যান অজয় নন্দা। সেখানে গিয়ে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।
কোনও অভিযোগ সহ্য করা হবে না।আরও পড়ুন:
নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশনের নির্দেশ মেনে আজ থেকেই বিভিন্ন থানায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছেন পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা। সেই সূত্রেই ভাঙড়ে পৌঁছে কমিশনার স্পষ্ট করে দেন, কোনও ধরনের অনিয়ম বা ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় নন্দা জানান, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট করাতে কলকাতা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।
বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং ও তল্লাশি চলছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথ টহলও জোরদার করা হয়েছে। ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।আরও পড়ুন:
এদিকে, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই দক্ষিণ শহরতলীর একাধিক থানায় পরিদর্শনে যান। নরেন্দ্রপুর, সোনারপুর এবং বারুইপুর—এই তিনটি থানায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও পুলিশ আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত এই থানা এলাকাগুলি শহরের সন্নিকটে হলেও গ্রামীণ বুথের সংখ্যা যথেষ্ট। ফলে ওইসব বুথে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয় বৈঠকে। থানার আধিকারিকরা নিজেদের প্রস্তুতির খুঁটিনাটি তুলে ধরেন।কঙ্কর প্রসাদ বারুই জানান, ভোট ঘোষণার পর থেকে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোটগ্রহণের দিন কীভাবে কাজ এগোবে, তা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অফিসার থেকে হোমগার্ড—সব স্তরের পুলিশকর্মীদের সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, ভোট যেন সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও ভয়ের পরিবেশমুক্ত হয়, সেই লক্ষ্যেই এই ধারাবাহিক পরিদর্শন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।