পুবের কলম, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসন। ভোট মানেই 'ছাপ্পা', 'বুথ জ্যামিং' বা হিংসার যে অভিযোগ বারবার ওঠে, তা সমূলে উৎপাটন করতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল নবান্ন। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্তাদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। লক্ষ্য একটাই— অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।


 
গত ২২ মার্চ মুখ্যসচিবের স্বাক্ষর করা এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভোটাররা যাতে কোনওরকম ভয়ভীতি বা বলপ্রয়োগ ছাড়াই স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। নির্দেশিকাটি পাঠানো হয়েছে- রাজ্যের সমস্ত দফতরের প্রধানদের, জিটিএ-র প্রধান সচিবকে, কলকাতা পুরসভার কমিশনারকে ও রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের।
 
প্রশাসনিক সূত্রে খবর, বুথ জ্যামিং রুখতে এবার স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারির পরিকল্পনা করা হয়েছে। নবান্নের এই সক্রিয়তা প্রমাণ করে, বিধানসভা ভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনওরকম আপস করতে রাজি নয় রাজ্য সরকার।