পুবের কলম ওয়েব ডেস্ক: ‘অর্ণব’ এবং ‘মুরাসু’-র পর বঙ্গোপসাগরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি নাগাদ সমুদ্রে একটি নতুন ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’। তবে বাংলায় এর কতটা প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।


এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে বুধ ও বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। বুধবার, ভাইফোঁটার সকাল থেকেই আকাশের মুখ ভার এবং হালকা শীতের আমেজের মধ্যেই বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা, যা মঙ্গলবারের তুলনায় সামান্য কম।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশের আশেপাশে থাকতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, বুধ ও বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নভেম্বর মাস পড়তেই ভোর ও রাতের দিকে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। কিন্তু পরপর ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টির জেরে শীতের আমেজ মাটি হওয়ার আশঙ্কায় বিরক্ত সাধারণ মানুষ। এবার কড়া রোদের সঙ্গে চুটিয়ে শীত উপভোগ করতে পারবেন কি না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে।