পুবের কলম প্রতিবেদক: কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। বাংলার যুবসমাজকে স্বনির্ভর হতে বিভিন্ন পরামর্শ তাঁর মুখ থেকে অতীতে শোনা গিয়েছে। এবার রাজ্যে ‘ডেটা রিসার্চ সেন্টার’ চালু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেটা রিসার্চ সেন্টার চালু করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তিনি নির্দেশ দেন। মঙ্গলবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডেটা রিসার্চের বিষয়টি তুলে ধরে রাজ্যের মুখ্যসচিবকেও কাজ করতে বলেন।
ডেটা রিসার্চ সেন্টার চালু হলে অনেক কর্মসংস্থান হতে পারে বলে মনে করছেন অনেকেই।আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠানে ডেটা রিসার্চের বিষয়ে উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমেরিকার শিকাগোয় আমার এক ভাইঝি ডেটা সায়েন্সে কাজ করে। বাংলা থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী বিদেশে গিয়ে ডেটা রিসার্চ নিয়ে কাজ করছে। বাংলায় এই সুযোগ তৈরি করতে হবে।’ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যেও ডেটা রিসার্চ সেন্টার গড়ার জন্য শিক্ষামন্ত্রী এবং মুখ্যসচিবকে নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ‘আমার ভাইঝিকে বললাম, তুই বাংলায় আসছিস না কেন? ও বলল, আমরা ডেটা সায়েন্সের কাজ করি। আগামী দিনে কী হতে যাচ্ছে, তার উপর সমীক্ষার কাজ করে। সেখানে অনেক কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স পড়ানো হয়। এই ধরনের কাজের সুযোগ বেশি।’আরও পড়ুন:
জানা গেছে, চলতি বছরে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণির ৯.৭৮ লক্ষ পড়ুয়াকে ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত মোট ২৭ লক্ষ পড়ুয়া প্রকল্পটির সুবিধা পেয়েছেন। এইখাতে খরচ হয়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। শিক্ষক দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ৫ জনের হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কল্যাণকুমার চট্টোপাধ্যায়, কড়েয়া গভর্নমেন্ট স্কুলের আবদুল হালিক, কুমার আশুতোষ ইনস্টিটিউশন (মেন) বয়েজের অর্পিতা বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের রাজা দে-কে সম্মাননা জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সেন্ট অগাস্টিন ডে স্কুলের পক্ষ থেকে ৬ লক্ষ টাকা দেওয়া হয়। আবার স্কুলে ক্রিকেট খেলার পরিকাঠামোর উন্নতিতে রাজ্যের পক্ষ থেকেও ২ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন তিনি।