পুবের কলম ওয়েবডেস্ক: জুলাই মাসে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আট দিনের সফরে মোট পাঁচটি দেশে যাবেন তিনি। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে যাবেন মোদি। মূলত ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দিতেই এই সফরের আয়োজন। ব্রাজিলে যাওয়ার পথে তিনটি দেশ এবং ফেরার পথে একটি দেশে ঘুরে আসবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে তাঁর সফরসূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২ জুলাই রওনা দেবেন প্রধানমন্ত্রী। প্রথমে যাবেন পশ্চিম আফ্রিকার ঘানায়। এটি মোদির প্রথম ঘানা সফর। ভারতের কোনও প্রধানমন্ত্রী গত তিন দশকে ঘানা সফর করেননি। ফলে তিন দশকে ঘানায় এটাই ভারতের প্রধানমন্ত্রীর প্রথম সফর। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত তিনি ঘানায় থাকবেন। ভারতের সঙ্গে ঘানার দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধন জোরদার করা, অর্থনীতি, প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত সহযোগিতা নিশ্চিত করাই এই সফরের লক্ষ্য।
ঘানা থেকে ৩ এবং ৪ জুলাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগোতে যাবেন মোদি। ত্রিনিদাদ ও টোবাগো থেকে মোদি যাবেন দক্ষিণ আমেরিকায়। ৪ এবং ৫ জুলাই থাকবেন আর্জেন্টিনায়। আর্জেন্টিনা থেকে ব্রাজি়লে যাবেন মোদি। প্রেসিডেন্ট লুলা দা সিলভার আতিথ্য গ্রহণ করবেন। ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ব্রাজ়িলে থাকার কথা মোদির। সেখানে আয়োজিত ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী হিসাবে ব্রাজিলে এটা মোদীর চতুর্থ সফর হতে চলেছে। ব্রিকস সম্মেলন হবে রিও ডি জেনেইরো শহরে। ব্রাজিল থেকে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ায় যাবেন মোদি। সেখানেও এটাই তাঁর প্রথম সফর। মোদির সশরীরে সফর নামিবিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।




























