পুবের কলম ওয়েবডেস্কঃ নির্বাচনের মুখে বিরাট সমসায় পড়েছিলেন একাধিক প্রার্থী। এসআইআরের বিবেচনাধীন তালিকায় নাম থাকায় এইসব প্রার্থীরা বিপাকে পড়েছিলেন। অবশেষে ধোঁয়াশা কাটল। ‘বিচারাধীন’ তালিকায় থাকা একাধিক প্রার্থীর নাম মিলল নির্বাচন কমিশনের প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকায়, ফলে তাঁদের প্রার্থীপদ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত দূর হল।
আরও পড়ুন:
সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে।
সেই তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির প্রার্থী বায়রন বিশ্বাস এবং ভাতারের বিজেপি প্রার্থী কলিতা মাজির। এর ফলে তাঁদের মনোনয়ন দাখিলে আর কোনও আইনি জটিলতা রইল না।প্রসঙ্গত, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় চার মাস পর গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় দেখা যায়, একাধিক রাজনৈতিক দলের প্রার্থীর নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত। ওই তালিকায় ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা-সহ আরও কয়েকজন।
কমিশনের নিয়ম অনুযায়ী, কারও নাম বিচারাধীন থাকলে তিনি প্রার্থী হলেও মনোনয়ন জমা দিতে পারেন না—ফলে তা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে প্রার্থী ঘোষণার পর বিভিন্ন দলের মধ্যে এই সমস্যা সামনে আসায় শেষ মুহূর্তে প্রার্থী বদলের আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে নতুন করে প্রকাশিত অতিরিক্ত তালিকা সেই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিল। ভাতারের বিজেপি প্রার্থী কলিতা মাজি জানিয়েছেন, শুনানিতে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার পর থেকেই তিনি আশাবাদী ছিলেন। সোমবার রাত থেকে নাম খোঁজার চেষ্টা করেও প্রথমে পাননি, তবে মধ্যরাতের পর তালিকায় নিজের নাম দেখতে পান তিনি। এর ফলে ওই সব প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।