পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাব নিয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই কেন্দ্রকে সতর্ক বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে পাঠানো না হয় এবং বাংলার মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার দুর্গাপুরের অন্ডালে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পেট্রল ও ডিজেলের কোনও ঘাটতি নেই এবং গ্যাসের জোগানও বর্তমানে যথেষ্ট রয়েছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনওভাবে এই গ্যাস যেন রাজ্যের বাইরে চলে না যায়।
এদিকে ভোটার তালিকার অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, তালিকা নিয়ে স্বচ্ছতা নেই এবং অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “সবার জানার অধিকার আছে—কার নাম আছে, কার নেই। এভাবে গণতন্ত্র চলতে পারে না।” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মন্তব্য, “যা চলছে, তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। গণতন্ত্রকে মুছে দেওয়ার চেষ্টা চলছে।”