পুবের কলম ওয়েব ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত ভোটপরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ নিল লোক ভবন। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হচ্ছে চব্বিশ ঘণ্টার সহায়তা পরিষেবা। এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা জারি হয়েছে রাজ্যপাল আর এন রবি-এর নির্দেশে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের আগে ও পরে সম্ভাব্য হিংসা, ভয় দেখানো বা অন্য কোনও অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত নথিভুক্ত করা এবং তার সমাধান নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। উল্লেখযোগ্যভাবে, এর আগেও পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা ভোটের সময় রাজভবনে ‘শান্তিকক্ষ’ চালু করা হয়েছিল, যেখানে নাগরিকদের অভিযোগ গ্রহণ করা হত।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। বহু ক্ষেত্রেই ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া, ভয় দেখানো বা প্রতিবাদ করলে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করেছে। তবে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগের একটি নির্ভরযোগ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় এই নতুন সহায়তা পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন:
এই পরিষেবার মাধ্যমে যে কোনও নাগরিক তাঁদের সমস্যা, অভিযোগ বা আশঙ্কার কথা জানাতে পারবেন।
প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপও নেওয়া হবে।আরও পড়ুন:
এই উদ্যোগের লক্ষ্য, যাতে কোনও ধরনের ভয় বা চাপ ছাড়াই প্রত্যেক ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। প্রশাসনের মতে, এই ব্যবস্থা ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোক ভবনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট একাধিক ফোন নম্বরে সরাসরি যোগাযোগের পাশাপাশি ই-মেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সহায়তা নম্বরগুলি হল: ০৩৩-২২০০ ১০২২, ০৩৩-২২০০ ১০২৩, ০৩৩-২২০০ ১০২৫, ০৩৩-২২০০ ১০২৬, ০৩৩-২২০০ ১০২৭, ০৩৩-২২০০ ১০২৮, ০৩৩-২২০০ ১০২৯, ০৩৩-২২০০ ১০৩২, ০৩৩-২২০০ ১০৩৬ , এছাড়াও, ইমেল অ্যাড্রেস হল- lokbhavanbengalhelpline@gmail.com