কৌশিক সালুই, বীরভূম: ফুটবল খেলতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল দুই কিশোরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোরবেলায় বীরভূমের সাঁইথিয়া থানার ধোবাজলঘাঁটি গ্রামে। উপযুক্ত ক্ষতিপূরণসহ ঘাতক গাড়িকে আটকের দাবি নিয়ে দিনভর পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরবেলায় সাংড়া গ্রাম পঞ্চায়েতের ধোবাজলঘাটি গ্রামের তিন কিশোর আমোদপুর সিউড়ি রাজ্যে সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল।

তারা হল রোহিত বেসরা,  মনোজ মারান্ডি এবং রাজেশ টুডু। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মনোজ এবং রাজেশকে মৃত বলে ঘোষণা করেন। রোহিত বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন। সমবয়সী ওই তিন কিশোর আমোদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এদিন ভোর বেলায় ওই তিনজন স্থানীয় ফুটবল মাঠের খেলার জন্য যাচ্ছিল।
সিউড়ি থেকে আমোদপুরগামী কোনও ছোট গাড়ি রাস্তার পাশে তাদেরকে পিছন থেকে ধাক্কা মারে এবং পালিয়ে যায়। গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যেই এলাকাবাসী বীরভূম জেলা আদিবাসী উন্নয়ন গাঁওতা সহ কয়েকটি সংগঠন এদিনের দিনভর অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বীরভূম জেলা আদিবাসী উন্নয়ন গাঁওতার পক্ষে রবীন সোরেন বলেন, 'ঘাতক গাড়িকে আটক করে ক্ষতিগ্রস্ত তিন কিশোরের পরিবারকে সাহায্য এছাড়াও সংশ্লিষ্ট রাস্তায় স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি করা হয়েছে'।