পুবের কলম ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। এবার সেই দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা ছড়াল জামুড়িয়া বিধানসভার বাহাদুরপুর এলাকায়। অভিযোগ উঠেছে, তৃণমূল প্রার্থীর সমর্থনে আঁকা দেওয়াল লিখনে কালি ছিটানো হয়েছে। শুধু তাই নয়, গোবরও লেপে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
ঘটনাটি ঘটেছে রবিবার বাহাদুর পুর অঞ্চলের ২১০ নম্বর বুথে। গত কয়েকদিনের মধ্যে ফের একই ধরনের ঘটনা ঘটল এই এলাকায়।ঘটনায় তৃণমূলের অভিযোগের তীর বিজেপি এবং সিপিএমের দিকে।আরও পড়ুন:
তৃণমূল সূত্রের খবর, এখানে তৃণমূল প্রার্থী হয়েছেন হরেরাম সিং। তাঁর নামেই দেওয়াল লিখনের কাজ চলছে জোর গতিতে। তার মধ্যে ২১০ নম্বর বুথে একটি আঁকা দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার পাশাপাশি কালি ছিটিয়ে দেওয়া হয়। তৃণমূল প্রার্থীর অভিযোগ, জামুড়িয়ায় তৃনমূলকে হারাতে পারবে না বিরোধীরা।
সেই ভয়েই বিরোধীরা এই কাজ করেছে। তাঁর আরও অভিযোগ, এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে। ইতিমধ্যেই এবিষয়ে থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। দলের সেখানকার প্রার্থী ডাক্তার বিজন মুখোপাধ্যায় আবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এটা হল তৃণমূলের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বিজেপির কাছে এত সময় নেই।আরও পড়ুন:
এদিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনী বিধি অনুযায়ী, সরকারি দেওয়ালকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু, তৃণমূল কংগ্রেস সেই বিধি মানেনি বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। আরও অভিযোগ, সেই দেওয়াল লিখন নির্বাচন কমিশনের কর্মীরা মুছতে গেলে তাঁদের মারধর করা হয়। এরফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কর্মীদের অভিযোগ, যারা মারধরের সঙ্গে যুক্ত তারা তৃণমূলের কর্মী। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।