আইভি আদক, হাওড়া:  হাওড়ার শিবপুরের ফোরশোর রোড এলাকায় এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ফুচকা বিক্রেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ফুচকা বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার দুপুরে হাওড়া জেলা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রের খবর, ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে।

ধৃতের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তের বাড়ির লোকের অভিযোগ অবৈধভাবে ফাঁসানো হয়েছে। তবে অভিযোগকারীর বাড়ির লোক এই ঘটনায় মুখ খুলতে রাজি হননি।

অন্যদিকে অপর একটি ঘটনায়  হাওড়ার সাঁকরাইলে উদ্ধার হলো গাঁজা।

হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় বেশ কয়েক কেজি গাঁজা। অভিযোগ, বছর দশেকেরও বেশি সময় ধরে এক ব্যক্তি ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন। নিমাই রায় নামের ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।