কৌশিক সালুই, বীরভূম: দুই বছর পর ফের পূর্ণাঙ্গ  হচ্ছে বীরভূমের দাতা বাবা হজরত মেহেবুব শাহের পবিত্র মাজার শরীফ পাথুরচাপুরীতে উরস উৎসব ও মেলা। শনিবার পাথরচাপুরীতে প্রশাসন এবং মাজার কমিটির উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই উৎসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, ডিএসপি ডিএনটি অয়ন সাধু,  জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক বিমল কুমার শর্মা সহ অন্যান্য অধিকারিকেরা।

দুই বছর পর এবার পাথুরচাপুরীতে পূর্ণাঙ্গ উরস উৎসব

বীরভূম জেলা প্রশাসন এবং মেলা কোন কোন কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী ২৪  মার্চ  থেকে ৭ দিনের পাথরচাপুরি মেলা এবং দাতা বাবার উরস উৎসব হচ্ছে।

এই নিয়ে এদিন জেলা প্রশাসন পুলিশ ও মেলা কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় পাথরচাপুরিতে। বৈঠকের পাশাপাশি মেলা চত্বর ঘুরে দেখেন সংশ্লিষ্ট আধিকারিকরা। বিগত দুবছর ধরে চলছে করোনাভাইরাস মহামারী পরিস্থিতি। বর্তমানে সেই পরিস্থিতি স্বাভাবিক। তাই প্রশাসন ও মেলা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর পূর্ণাঙ্গ মেলা আয়োজন করা হবে।
গত বছর মাত্র ৬০০  অস্থায়ী দোকান বসানো হয়েছিল।  সেখানে এবার প্রায় দেড় হাজারের বেশি মেলাতে স্টল বসানো হবে। ২০২০  সালে মেলা একদমই বন্ধ ছিল।

গত বছর মেলার বহর অর্ধেক করে দেওয়া হয়। তবে এবার সেটা স্বাভাবিক হবে।

ফি বছর ৩০ থেকে ৪০ লক্ষ মানুষের জমায়েত হয় মেলাতে। প্রশাসন ও মজার কমিটির অনুমান হয়তো এবার সেই ভিড় অনেকটাই ফিরে পাবে।

জেলাশাসক বিধান রায় বলেন, 'করোনা ভাইরাস সর্তকতা মেনে এ বছর ফের পূর্ণাঙ্গ মেলা হচ্ছে পাথরচাপুরিতে।

আগত পুণ্যার্থী যাতে কোনও রকম অসুবিধা নাই তার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। মেলার প্রস্তুতি হিসাবে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে'।