পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। কালীগঞ্জ বিধানসভা আসনে এবার সিপিএমের প্রার্থী হয়েছেন তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। আর তালিকা ঘোষণা হতেই কালীগঞ্জে সিপিএমের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। সিপিএমের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কালীগঞ্জ। ভাঙচুর করা হল দলীয় কার্যালয়। ঘটনায় অস্বস্তিতে পড়েছে সিপিএম।
আরও পড়ুন:
গোষ্ঠীদ্বন্দের কারণ হিসেবে উঠে আসছে প্রার্থী নিয়ে দলের অন্দরের অসন্তোষ। সূত্রের খবর, সাবিনাকে প্রার্থী হিসেবে পছন্দ নয় দলের একাংশের। সেই অসন্তোষ ঘিরে সিপিএমের দলীয় কর্মীদের একাংশ স্থানীয় পার্টি অফিসে চড়াও হন। দুপক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়ের আসবাবপত্র। এমনকি নথি নষ্টের অভিযোগ উঠেছে।
স্বাভাবিকভাবেই ঘটনায় অস্বস্তি বেড়েছে দলের অন্দরে। যদিও সিপিএম নেতৃত্ব গোষ্ঠীদ্দ্বন্দের কথা অস্বীকার করেছেন।তাঁদের বক্তব্য, এই ঘটনায় বাইরে থেকে প্ররোচনা থাকতে পারে। তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৫ সালে কালীগঞ্জে বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সেই উচ্ছ্বাসে বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়।
তৃণমূল কর্মী সমর্থকদের ছোড়া সেই বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তামান্নার দেহ। সেই ঘটনায় খুনের অভিযোগে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে সাবিনা জানান, মানুষ চেয়েছে তাইন তিনি প্রার্থী হয়েছেন। এই ঘটনার পিছনে বিরোধীদের উস্কানি থাকতে পারে। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, সিপিএম আখন কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে। এই গোষ্ঠীদ্বন্দের কোন রাজনৈতিক প্রভাব নেই।