পুবের কলম ওয়েবডেস্কঃ প্রার্থী তালিকা ঘিরে জোট রাজনীতিতে অস্বস্তি বাড়ছে বামফ্রন্টের অন্দরে। প্রার্থী তালিকা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল শরিক দল ফরওয়ার্ড ব্লক। তাদের অভিযোগ, প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে চুক্তি মানা হয়নি। এবিষয়ে আপত্তি জানিয়ে তারা ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছে।

জানা যাচ্ছে, ব্লকের তরফে এই চিঠি দিয়েছেন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, একাধিক আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আলোচনা ছাড়াই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর কলকাতার শ্যামপুকুর কেন্দ্রের ক্ষেত্রে কোনও সমঝোতা ছাড়াই প্রার্থী ঘোষণা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন নরেন।এবারের বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ১৯২টিতে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।

এই তালিকা তৈরির সময় শরিকদের সঙ্গেও আলোচনা হয়েছে বলেই দাবি করা হয়েছিল। তবে ফরওয়ার্ড ব্লকের বক্তব্য, দ্বিপাক্ষিক আলোচনায় তাদের জন্য ২২টি আসন নির্ধারিত হয়েছিল এবং সেই অনুযায়ী তালিকাও পাঠানো হয়েছিল। কিন্তু বাস্তবে সেই চুক্তি মানা হয়নি বলেই অভিযোগ। নরেন চট্টোপাধ্যায়ের দাবি, কোচবিহার উত্তর, সিতাই, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর, রানিনগর, মধ্যমগ্রাম ও গলসি এই সাতটি আসনে এখনও প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তারা নাম ঘোষণা করেনি।
অথচ এর মধ্যে কয়েকটি কেন্দ্রে সিপিএম একতরফাভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বলে অভিযোগ। বিশেষ করে কোচবিহার উত্তর, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর এবং গলসি কেন্দ্রের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

চিঠিতে নরেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট। দীর্ঘদিনের বাম আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই কেন্দ্রগুলি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সেই কারণে গোটা বিষয়টি পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছেন তিনি। এই চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই বামফ্রন্টের অন্দরে মতবিরোধ সামনে এসেছে।