পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের আটলিয়া উত্তর পাড়া গ্রামবাসীদের উদ্যোগে ও সৈয়েদিয়া ফাউন্ডেশন ট্রাস্টের পরিচালনায়  সোমবার ও মঙ্গলবার  দু'দিন ধরে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্বীনিমজলিশের আয়োজন করা হয়।

আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তব প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হারুণ মণ্ডল, আলাউদ্দিন মণ্ডল প্রমুখ।  কেরাত,গজল ও ক্যইজ  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মক্তবের ছাত্র-ছাত্রীদের  হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া দুস্হ মানুষের হাতে কম্বল ও মুসুল্লিদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

বিশিষ্ট ব্যবসায়ী হারুণ  মণ্ডল বলেন, গতানুগতিক মাদ্রাসা শিক্ষা নয়, প্রাথমিক শিক্ষার সঙ্গে প্রতিটি সন্তানকে মক্তব কেন্দ্রিক কোরআন ও দ্বীনি শিক্ষার পাঠ দিতে হবে শিশু বয়সেই।

কেননা আধুনিক  লেখাপড়া শুরুর আগে এই শিক্ষাটা জরুরি। আমরা যেন আধুনিক সমাজে জাকির  নায়েকের মতো বিশ্বনন্দিত ইসলামবিদ পেতে পারি।

মঙ্গলবার ইসলামিক জলসায় বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ আফাজ উদ্দিন, হাফেজ, ক্বারী রফিকুল ইসলাম, শাইখুল হাদীস ও বিশিষ্ট লেখক মাওলানা মুফতি আব্দুল কাইয়ূম, আটলিয়া উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদ আহমেদ প্রমুখ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ বেনার হাফেজ মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ  মুহাম্মদ আফাজ উদ্দিন।